বান্দরবানে শুরু হচ্ছে ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট’

বান্দরবানে শুরু হচ্ছে ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’। জেলার বিভিন্ন উপজেলার নারী ও পুরুষ ফুটবল দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে বান্দরবানে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে আয়োজকরা আশা করছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় টুর্নামেন্টের খেলা শুরু হবে। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বান্দরবান পার্বত্য জেলা স্টেডিয়ামে।
টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার নারী ও পুরুষ ফুটবল দল অংশ নেবে। প্রতিযোগিতার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, টুর্নামেন্টকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা বাড়বে। পরিবার-পরিজন নিয়ে মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য বান্দরবানবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’ আয়োজন করছে বান্দরবান রিজিয়ন। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বান্দরবান জোন। সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও সম্মিলিত ক্রীড়া পরিষদ, বান্দরবান।
আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট শুধু ফুটবল প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



