ধর্ম

হজ ২০২৭: ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে নিবন্ধন, কোটার অর্ধেকও পূরণ হয়নি

 ছবি: সংগৃহীত

হজ ২০২৭-এর প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। বাংলাদেশকে দেওয়া ৭৮ হাজার ৫০০ জনের হজ কোটার বিপরীতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করেছেন ৪৩ হাজার ৮২৩ জন। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৬২ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৪০ হাজার ৬১ জন নিবন্ধন করেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ থাকবে না।

প্রাক-নিবন্ধন করা হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্যাকেজের সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন ও প্রয়োজনীয় অর্থ জমা না দিলে তাদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়তে পারে।

হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মন্ত্রণালয়ের আগের নির্দেশনার ভিত্তিতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিকদের ভাষ্য, অনেক হজযাত্রী এত আগে হজের অর্থ জমা দিতে আগ্রহী নন। এ কারণে চূড়ান্ত নিবন্ধনের গতি প্রত্যাশিত হারে বাড়ছে না। শেষ সময়ে বিপুলসংখ্যক হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন তারা।

সৌদি কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, গত ২৭ জুলাই বাংলাদেশে হজ ২০২৭-এর প্রাথমিক নিবন্ধন শুরু হয়। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুকদের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে। সেই সংখ্যার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

পরবর্তী কার্যক্রমের মধ্যে রয়েছে সৌদি আরবে বিভিন্ন সেবার জন্য অর্থ পাঠানো, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ফিটনেস সনদ প্রদান, প্রয়োজনীয় টিকাদান এবং হজ প্রশিক্ষণসহ অন্যান্য প্রস্তুতি।

ক্যাটাগরি