আইন-আদালত

আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশকে গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের ব্যক্তিদের গ্রেপ্তারে সফল পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা ফ্যাসিবাদের, আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে, তাদেরকে আমরা পুরস্কৃত করব। গত সপ্তাহে এরকম দুজন ফ্যাসিবাদের শক্ত দোসর গ্রেপ্তার হয়েছে, গতকালও একজন হয়েছে।’

পুলিশের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা এসব ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের গোয়েন্দা সহায়তা ব্যবহার করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এতদিন এখানেই ছিল, লুকিয়ে ছিল তারা। আমাদের ইন্টেলিজেন্স সাপোর্ট কোথায় ছিল? পুলিশের ইন্টেলিজেন্স সাপোর্টকে আমি সবচাইতে উত্তম মনে করি। আপনাদের ইন্টেলিজেন্স সাপোর্ট আপনারা ব্যবহার করুন।’

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা এক মাসে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করতে পারে, আকাশ থেকে গুলি করে দেশের নাগরিকদের হত্যা করতে পারে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করে গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত করেছিল, তাদের বাংলাদেশের মানুষ আবার রাজনীতিতে দেখতে চাইবে কি না—সে প্রশ্নও তোলেন তিনি।

শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফেরানোর বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিবেশী রাষ্ট্রের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরা অফিশিয়ালি রিকোয়েস্ট করেছি যে, আপনারা সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের, শেখ হাসিনাসহ অন্য আসামিদের ফেরত দিন।’

তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষায়, তারা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে সেটিই ভালো।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ৯৮ পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি