আইন-আদালত

অবিবাহিত হওয়ায় বিদেশযাত্রায় বাধা, তিন নারীর পক্ষে হাইকোর্টের রুল

ছবি: সংগৃহীত

বৈধ কাগজপত্র থাকার পরও শুধু অবিবাহিত হওয়ার কারণে প্রাপ্তবয়স্ক তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পরবর্তী বিদেশযাত্রায় তাদের বাধা না দিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ ছাড়া আবেদনকারীদের অভিযোগ সাত দিনের মধ্যে নিষ্পত্তি করে প্রতিবেদন দাখিল করতে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শককে (এডিশনাল আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে।

বিদেশযাত্রায় বাধা দেওয়ার ঘটনায় ওই তিন নারী হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। তাকে সহযোগিতা করেন আইনজীবী তানজিলা রহমান জুই।

আইনজীবী ইশরাত হাসান জানান, রুলে আবেদনকারীদের বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

একই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারী নাগরিকদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া, অভিভাবক ছাড়া ভ্রমণ বা এ ধরনের লিঙ্গভিত্তিক বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ নির্দেশনা প্রণয়ন ও জারির নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

রিটে অভিযোগ করা হয়, তিন আবেদনকারীর বিদেশযাত্রার ওপর কোনো আদালতের নিষেধাজ্ঞা বা অন্য কোনো আইনগত প্রতিবন্ধকতা ছিল না। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকার পরও তাদের বিদেশ যেতে দেওয়া হয়নি।

আবেদনকারীদের বক্তব্য, একজন প্রাপ্তবয়স্ক নারী অবিবাহিত কি না কিংবা তার সঙ্গে বাবা-মা বা কোনো অভিভাবক আছেন কি না—এসব বিষয় কোনো নাগরিকের বৈধ বিদেশযাত্রা নিয়ন্ত্রণের স্বতন্ত্র আইনগত ভিত্তি হতে পারে না।

আদালতের এই আদেশের ফলে আবেদনকারী তিন নারী পরবর্তী সময়ে বৈধ কাগজপত্র নিয়ে বিদেশযাত্রার ক্ষেত্রে একই ধরনের বাধার মুখে পড়বেন না—এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

ক্যাটাগরি