বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে আখতারুজ্জামানের কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
তবে আসামিপক্ষের শুনানি এবং রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার পর আদালত পাঁচ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলাটি বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।



