আইন-আদালত

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: বন্ধু দীপের ৭ দিনের রিমান্ড আবেদন

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং ঘটনায় দীপের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

শনিবার (৩১ অক্টোবর) নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তাহসিফের বাবা হত্যা মামলা দায়ের করার পর দীপকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে। সেখানে তার সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম রাজধানীর উত্তরখান থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে থাকা দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে দীপের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

এর আগে গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

নৌ-পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

মরদেহ উদ্ধারের পর প্রথমে মামলা করতে অনীহা প্রকাশ করেছিলেন তাহসিফের বাবা। তবে ঘটনার তিন দিন পর তিনি উত্তরখান থানায় হত্যা মামলা করেন। বর্তমানে মামলাটির তদন্ত করছে নৌ-পুলিশ।

ক্যাটাগরি