‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস মনসুর আলী’ এখন থেকে পরিচিত হবে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ নামে। আর ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।
এ ছাড়া ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের জন্য কোস্টগার্ডকে নির্দেশনা দিয়েছিল মন্ত্রণালয়। পরে কোস্টগার্ডের পক্ষ থেকে নতুন নাম প্রস্তাব করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রস্তাবগুলো যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত কোস্টগার্ডকে জানিয়ে দেওয়া হয়।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, জাহাজগুলোর নাম পরিবর্তনের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
এদিকে কোস্টগার্ড সূত্র জানিয়েছে, চারটি জাহাজের নতুন নাম যাঁদের নামে রাখা হয়েছে, তাঁরা সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন অভিযান পরিচালনার সময় তাঁরা শহীদ হন। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহাজগুলোর নতুন নামকরণ করা হয়েছে।



