ধর্ম

কোরআনে যাদের বন্ধু বানাতে নিষেধ করা হয়েছে, তারা কারা?

ছবি : সংগৃহীত

বন্ধুত্ব মানুষের চিন্তা, বিশ্বাস ও নৈতিকতার ওপর গভীর প্রভাব ফেলে। একজন মানুষের আচার-আচরণ, মূল্যবোধ ও জীবনদর্শন গঠনে বন্ধুমহলের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কারণে পবিত্র কোরআনে মুমিনদের এমন কিছু মানুষকে অন্তরঙ্গ বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, যারা তাদের ধর্মীয় বিশ্বাস ও নিরাপত্তার জন্য ক্ষতিকর।

কোরআনে এ বিষয়ে সতর্ক করার পাশাপাশি কেন এমন মানুষদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করা উচিত নয়, তার কারণও তুলে ধরা হয়েছে।

যাদের অন্তরঙ্গ বন্ধু বানাতে নিষেধ করা হয়েছে

পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে তিন শ্রেণির মানুষের বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

১. যারা ইসলাম নিয়ে উপহাস ও শত্রুতা করে

যারা ইসলাম ও মুসলমানদের ধর্মীয় বিশ্বাসকে উপহাস করে এবং প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, তাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে।

আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ, যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলো মনে করে, তোমরা তাদের এবং কিতাবধারী ও অবিশ্বাসীদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না…।’ (সুরা মায়িদা, আয়াত: ৫৭)

২. মুনাফিক বা কপট বিশ্বাসী

যারা মুখে ইমানের কথা বললেও অন্তরে অবিশ্বাস পোষণ করে এবং মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে, তাদের ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

আল্লাহ বলেন, ‘মুনাফিকদের সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব। যারা মুমিনদের পরিবর্তে কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করে…।’ (সুরা নিসা, আয়াত: ১৩৮-১৩৯)

৩. যারা শত্রুতাপূর্ণ আচরণ করে

সুরা মায়িদার ৫১ নম্বর আয়াতে মুমিনদের বিশেষ ধরনের অন্তরঙ্গ মিত্র বা অভিভাবক গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়েছে। বিশেষত যারা মুসলমানদের বিরুদ্ধে শত্রুতামূলক অবস্থান নেয়, তাদের সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা গড়ে তোলার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

কেন তাদের অন্তরঙ্গ বন্ধু বানাতে নিষেধ করা হয়েছে

কোরআনে এ ধরনের সতর্কতার পেছনে কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে।

১. ক্ষতি ও নিরাপত্তাহীনতার আশঙ্কা

যারা মুসলমানদের প্রতি শত্রুভাবাপন্ন, তাদের কাছে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ গোপনীয়তা প্রকাশ করলে তা ক্ষতির কারণ হতে পারে। সুরা আলে ইমরানের ১১৮ নম্বর আয়াতে আল্লাহ সতর্ক করে বলেছেন, তারা মুসলমানদের ক্ষতি করতে কোনো ত্রুটি করে না এবং তাদের কষ্টে দেখতে চায়।

২. বিশ্বাস ও নৈতিকতায় নেতিবাচক প্রভাব

বন্ধুত্বের মাধ্যমে মানুষের চিন্তা, অভ্যাস ও আচরণ একে অপরকে প্রভাবিত করে। তাই অন্যায়, অবাধ্যতা ও পাপাচারে লিপ্ত ব্যক্তিদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা একজন মানুষের নৈতিকতা ও ধর্মীয় জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

৩. আল্লাহর নির্দেশ অমান্যের পরিণতি

সুরা মায়িদার ৫১ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা নিষিদ্ধ ব্যক্তিদের অভিভাবক বা অন্তরঙ্গ মিত্র হিসেবে গ্রহণ করবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। এর মাধ্যমে আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

অমুসলিমদের সঙ্গে সদাচরণে নিষেধ নেই

এখানে একটি বিষয় স্পষ্টভাবে বোঝা জরুরি। ইসলাম অমুসলিম বা ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্ব্যবহার করতে বলেনি। কোরআনে বন্ধু বোঝাতে ব্যবহৃত ‘ওয়ালি’ শব্দের অর্থ সাধারণ বন্ধুত্বের চেয়ে ব্যাপক। এর মধ্যে অন্তরঙ্গ মিত্রতা, অভিভাবকত্ব ও বিশেষ আনুগত্যের বিষয় রয়েছে।

যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেনি কিংবা তাদের দেশ থেকে বিতাড়িত করেনি, তাদের সঙ্গে ন্যায়বিচার ও সদাচরণ করতে আল্লাহ নিষেধ করেননি।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যে সকল অবিশ্বাসী তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি ন্যায়বিচার করতে এবং তাদের সঙ্গে সদাচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না।’ (সুরা মুমতাহিনা, আয়াত: ৮)

অর্থাৎ, ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে ন্যায়বিচার, মানবিকতা, প্রতিবেশীসুলভ আচরণ ও সৌজন্য বজায় রাখা ইসলামে স্বীকৃত।

পরিশেষে বলা যায়, বন্ধুত্ব শুধু সামাজিক সম্পর্ক নয়, এটি মানুষের বিশ্বাস, চিন্তা ও নৈতিকতার ওপরও প্রভাব ফেলে। তাই নিজের ইমান ও নৈতিকতা রক্ষায় কাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা উচিত, সে বিষয়ে পবিত্র কোরআনের নির্দেশনা মেনে চলার গুরুত্ব রয়েছে।

ক্যাটাগরি