সাউথইস্ট ব্যাংক ও ক্লিনিক্যালের কো-ব্র্যান্ডেড হেলথকেয়ার কার্ড চালু

সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান এবং ক্লিনিক্যাল লিমিটেডের চেয়ারম্যান মালিক তাহলা ইসমাইল বারী যৌথভাবে কার্ডটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম এবং ক্লিনিক্যাল লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পারভেজ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এই কো-ব্র্যান্ডেড হেলথকেয়ার কার্ডের মাধ্যমে প্রচলিত পেমেন্ট কার্ডের ব্যবহারের পরিধি আরও বিস্তৃত হবে। কার্ডধারীরা অংশীদার হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কার্ড প্রদর্শনের মাধ্যমে নির্ধারিত স্বাস্থ্যসেবা সুবিধা নিতে পারবেন।
কার্ডটির অন্যতম আকর্ষণীয় সুবিধা হলো, বছরের ৩৬৫ দিন, সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা বিনামূল্যে এবং সীমাহীন অডিও ও ভিডিও কলের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ। পাশাপাশি হাসপাতালের বিল পরিশোধে ক্যাশব্যাক, চিকিৎসকের পরামর্শ গ্রহণে ক্যাশব্যাক এবং বিমাসুবিধাও থাকছে।
এ ছাড়া দেশজুড়ে ৩০০টির বেশি অংশীদার হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাওয়া যাবে। ফলে কার্ডধারীরা ব্যাংকিং সুবিধার পাশাপাশি চিকিৎসাসেবা গ্রহণেও বাড়তি সুবিধা পাবেন।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জানিয়েছে, নির্ধারিত শর্তাবলি অনুযায়ী এসব সুবিধা দেওয়া হবে। ডিজিটাল ব্যাংকিং ও স্বাস্থ্যসেবাকে একই প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে গ্রাহকদের জন্য সমন্বিত সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।



