বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হচ্ছে

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটি। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণে চালু হচ্ছে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal)।
নতুন এ ব্যবস্থার ফলে আবেদন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। একই সঙ্গে ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার সময়ও কমে আসতে পারে।
নতুন ব্যবস্থায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। এ ছাড়া ভিএফএসের (VFS) মাধ্যমে জমা দেওয়া নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগ থাকবে।
অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতিও জানতে পারবেন শিক্ষার্থীরা। প্রয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুবিধাও থাকবে।
পুরোনো আবেদনকারীদেরও নতুন করে আবেদন করতে হবে
নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর কারণে আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় অপেক্ষমাণ থাকা আবেদনকারীদেরও পুনরায় আবেদন করতে হবে। অর্থাৎ, যারা আগে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষমাণ তালিকায় নাম নিবন্ধন করেছিলেন, তাঁদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবার আবেদন জমা দিতে হবে।
দূতাবাসের মতে, আবেদন প্রক্রিয়ার আধুনিকায়ন এবং নথিপত্র যাচাইয়ের সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সামগ্রিকভাবে আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হবে এবং অপেক্ষার সময় কমে আসবে।
তবে আবেদনকারীর ধরন ও ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী ভিসা প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।
যেভাবে আবেদন করবেন
আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন ডিজিটাল পোর্টালে নিবন্ধন করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ভিসার আবেদন জমা দিতে পারবেন।
আবেদনের ওয়েবসাইট: https://digital.diplo.de/
আবেদনের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র ও বিস্তারিত নির্দেশনা পোর্টালটির পাশাপাশি জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।



