ধর্ম

২০২৭ সালের হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ছবি: সংগৃহীত
২০২৭ সালের হজে বাংলাদেশের বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় নতুন করে প্রাথমিক নিবন্ধনের সুযোগ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে আগেই নিবন্ধন বন্ধ করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা অনুমোদন করেছিল সৌদি আরব।

পরবর্তী সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়িয়েছে সৌদি আরব। একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনার অব্যবহৃত কোটায়ও হজযাত্রী পাঠানোর সুযোগ রয়েছে। এসব কোটা পূরণের লক্ষ্যে নতুন করে প্রাথমিক নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের হজে যেতে আগ্রহী ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

এদিকে, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল করা হবে।

ক্যাটাগরি