জাতীয়

সাবেক বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন আটক

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করে একটি গোয়েন্দা সংস্থা।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে।

জানা গেছে, মুফতি রুহুল আমিনের স্থায়ী বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর।

২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীও ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মুফতি রুহুল আমিন। ওই বছরের ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে উপস্থিত হন তিনি। এ সময় খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি মসজিদের জানালা ও দরজার ক্ষতি হয়।

ওই ঘটনার দুদিন পর, ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুফতি রুহুল আমিনকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব থেকে অপসারণের কথা জানানো হয়।

ক্যাটাগরি