গণতন্ত্র রক্ষায় আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গণতন্ত্র, জনগণের নিরাপত্তা ও দেশের অগ্রগতির স্বার্থে সব গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে ভোট দখল, গুম-খুন ও অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরে যেতে চায় না জনগণ। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
লালমনিরহাট সফরে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালে যেভাবে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বর্তমান পরিস্থিতিতেও তেমন ঐক্য প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে একটি পক্ষ মানুষের সহায়-সম্পত্তি লুটপাট, নির্যাতন ও গুমের সঙ্গে জড়িত ছিল। ক্ষমতা হারানোর পরও তারা অগ্নিসন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা এবং হামলার রাজনীতি চালিয়ে যাচ্ছে।
তারেক রহমান বলেন, ক্ষমতা ধরে রাখতে ১ হাজার ৪০০ মানুষ ও ৬০ শিশুকে হত্যা করা হয়েছে। যারা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ হত্যা করে, দেশ ও জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি ও উন্নয়ন চায়। তাই দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে ২০২৪ সালে গণতন্ত্রের পক্ষে আন্দোলন করা সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়।’
লালমনিরহাটের মানুষের রাজনৈতিক অবস্থানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এ জেলার মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছিল। ভবিষ্যতেও তারা গণতন্ত্রের পক্ষে ও সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিল্প-কলকারখানা গড়ে তোলা, উৎপাদন বৃদ্ধি, কৃষির উন্নয়ন এবং শিক্ষার মান নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
এ ছাড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, শিল্পায়ন, কৃষি উৎপাদন, মানসম্মত শিক্ষা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হবে।



