বিনোদন

একের পর এক বলিউড তারকাকে হুমকি, এবার নিশানায় সাইফ আলি খান

ছবি: সংগৃহীত
বেশ কয়েক দিন ধরেই একের পর এক বলিউড তারকা প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা সাইফ আলি খান। ২০২৪ সালে ভারতের রাজনীতিবিদ বাবা সিদ্দিকি হত্যা মামলার পলাতক অভিযুক্ত জিশান আখতারের কাছ থেকে সাইফের কাছে হুমকির ফোন এসেছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। তবে ফোনটি সত্যিই জিশান আখতার করেছেন, নাকি অন্য কেউ তার নাম ব্যবহার করে হুমকি দিয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

চলতি মাসের শুরুতে বলিউড অভিনেতা তুষার কাপুর ও আয়ুষ্মান খুরানাও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। ওই ঘটনায় বেঙ্গালুরু থেকে ৩০ বছর বয়সী আইআইটি স্নাতক বৈভব মিশ্রকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হুমকি দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অভিযোগও রয়েছে।

পুলিশের তদন্তে জানা যায়, বৈভবের সঙ্গে কোনো অপরাধী চক্রের যোগসূত্র পাওয়া যায়নি। একের পর এক হুমকির ফোন, বার্তা ও ই-মেইল পাওয়ার পর বেশ কয়েকজন বলিউড অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে নিজের বাড়িতেই হামলার শিকার হয়েছিলেন সাইফ আলি খান। হামলাকারীর ছুরিকাঘাতে পিঠ ও গলায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রায় ছয় ঘণ্টা অস্ত্রোপচার করতে হয়।

দেড় বছর পর আবারও সাইফের কাছে প্রাণনাশের হুমকি আসার খবর প্রকাশ্যে আসায় উদ্বেগ তৈরি হয়েছে তার ভক্তদের মধ্যে।

ক্যাটাগরি