সারাদেশ

শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, আগুন নেভালেন স্থানীয়রা

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় ব্যবসায়ী শামসুল ইসলাম জানান, ৫ থেকে ৬ জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা বাড়ির নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তা নিভিয়ে ফেলেন।

শামসুল ইসলামের দাবি, আগুন দেওয়ার পর ওই ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তাদের কাউকেই আড়ানী বা আশপাশের এলাকার বাসিন্দা বলে মনে হয়নি।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, শাহরিয়ার আলমের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারিও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এই বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এরপর থেকে বাড়িটিতে কেউ বসবাস করছেন না।

ক্যাটাগরি