১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের ব্যবস্থা চেয়ে সরকারের কাছে অনুরোধ

রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র
দীর্ঘদিন ধরে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। দেশে ফেরার জন্য তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শেখ হাসিনার এক মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানান।
মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি বিমানে করে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। এবার তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন।
তিনি আরও বলেন, সংবিধানবহির্ভূত উপায়ে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে বলে তার দাবি। এ পরিস্থিতিতে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গত রোববার এক মন্ত্রী বার্তা সংস্থাটিকে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
জাতিসংঘের এক প্রতিবেদনে ২০২৪ সালের আন্দোলন দমনে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ও প্রাণহানির তথ্য উঠে আসে। পরবর্তী সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।
সূত্র: রয়টার্স



