বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ অর্জন করেছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান।
ওয়ালটন প্লাজার নেতৃত্বে ব্যবসায়িক সাফল্য, গ্রাহকসেবা এবং ইলেকট্রনিক্স পণ্যের বাজার সম্প্রসারণে অবদানের জন্য তাঁকে ‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স) ২০২৬’ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।
গত ২২ ও ২৩ নভেম্বর রাজধানীর হোটেল দ্য মেরিডিয়ানে অনুষ্ঠিত ‘দশম লিডারশিপ সামিট’-এর অংশ হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এ অনুষ্ঠানে ২২টি ক্যাটাগরিতে ২৩ জন শীর্ষ করপোরেট নেতাকে সম্মাননা দেওয়া হয়।
দেশের করপোরেট ও ব্যবসায়িক খাতে নেতৃত্ব, উদ্ভাবন এবং সাফল্যের স্বীকৃতি দিতে এ আয়োজন করা হয়।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় মোহাম্মদ রায়হান বলেন, ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পর্ষদের সহযোগিতা এবং গ্রাহকদের আস্থাই এ অর্জনের মূল ভিত্তি। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, দেশের সাধারণ গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন ওয়ালটন প্লাজার কর্মীরা। এ স্বীকৃতি তাঁদেরও প্রাপ্য। গ্রাহকদের জন্য উন্নতমানের পণ্য ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এ পুরস্কার ভবিষ্যতে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।
এর আগে ২০২৫ সালে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিশাত তাসনিম সুচি ‘সিইও অব দ্য ইয়ার’ এবং ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলম ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেন।
এ ছাড়া ২০২৪ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত আয়োজনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম প্রযুক্তি খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এমডি অব দ্য ইয়ার (টেক)’ পুরস্কারে ভূষিত হন।
অন্যদিকে, ২০২২ সালে পুরস্কারটির প্রথম আসরে ওয়ালটনের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ ‘ইমার্জিং সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেন।



