সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, এলসি খোলা এবং আমদানির পরিস্থিতি তুলে ধরে। এসব বিষয় পর্যালোচনা করে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়।
আসন্ন রমজান সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়েও সভায় আলোচনা হয়।
এদিকে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।



