মিরপুরে আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

রাজধানীর মিরপুরে আজ শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজগুলোর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতি আনা এবং ভবিষ্যৎ শিক্ষাপরিকল্পনা নির্ধারণের লক্ষ্য নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে।
সকাল সাড়ে ৯টায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সম্মিলন শুরু হওয়ার কথা রয়েছে। এতে দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
সম্মিলনে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, সম্মিলন সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং কলেজ অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন ত্বরান্বিত করার প্রত্যাশা করছেন তাঁরা।
তিনি আরও আশা প্রকাশ করেন, এ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বাড়বে। পাশাপাশি উচ্চশিক্ষার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সম্মিলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অধ্যক্ষ ও অতিথিদের অংশগ্রহণে সম্মিলনটি উচ্চশিক্ষার উন্নয়নে কার্যকর আলোচনা ও দিকনির্দেশনার ক্ষেত্র তৈরি করবে।



