জাতীয়

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত

সংগৃহীত ছবি

রাজধানীর সুত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইফ মামুন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি (তারিক সাইফ মামুন) ধাওয়া খেয়ে দৌড়ে হাসপতালের ভেতর ঢুকছেন। তার পেছনে ২ ব্যক্তি পিস্তল বের করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। একজনের মুখে মাস্ক পরা। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। গুলি ছুড়ে তারা চলে যান।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে কিছুক্ষণ পর হাসপাতালের মেইন গেটের সামনের রাস্তায় গেলে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার বাবার নাম এসএম ইকবাল। বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকায়।

নিহত মামুনের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু জানান, সকালে নিহত ব্যক্তির ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে নিহতের পরিচয় শনাক্ত করেন। ফাইজুল হক অপু আরও জানান, নিহত তারিক সাইফ মামুন একজন ব্যবসায়ী। এর আগে গাজীপুরে তাদের পরিচয় হয়েছিল।

 

ক্যাটাগরি