ব্রাহ্মণবাড়িয়ার কুটিবাজারে আগুনে ১০ দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি, ইলেকট্রনিক্স, কনফেকশনারি ও মুদি দোকানসহ মোট ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে কসবা ও আখাউড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কসবা ফায়ার সার্ভিসের টিম লিডার নাজমুল হুদা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে।



