আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির ‘খুব কাছাকাছি চলে এসেছি’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ছবি- সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসানের জন্য সম্ভাব্য একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনেভায় যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনায় অগ্রগতি এবং নতুন শান্তি কাঠামো নিয়ে সমঝোতার পর ট্রাম্প এই মন্তব্য করেন। খবর আনাদোলু

মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘গত ৯ মাসে আমি আটটি যুদ্ধ শেষ করেছি। এখন শেষ যে যুদ্ধটি নিয়ে কাজ করছি, সেটি সহজ নয়। তবে আমি মনে করি আমরা সেখানে পৌঁছে যাচ্ছি।’

তিনি দাবি করেন, গত এক মাসে যুদ্ধে ২৫ হাজার সৈন্য নিহত হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমরা এখন চুক্তির খুবই কাছে আছি। দেখা যাক কী হয়। ভেবেছিলাম এই যুদ্ধটা আরও দ্রুত শেষ হবে। আটটা শেষ হয়েছে; এটাকে সহজ মনে হয়েছিল। তবু এক বছরেরও কম সময়ে আমরা অগ্রগতি করছি।’

এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তিচুক্তি এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র ‘অসাধারণ অগ্রগতি’ করেছে। তবে কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে আরও আলোচনা প্রয়োজন।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘কয়েকটি সংবেদনশীল ইস্যু এখনো মীমাংসার অপেক্ষায় আছে। আর এর জন্য ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও আলোচনা দরকার।’

এর আগে গত রোববার জেনেভায় মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বৈঠকে শান্তি প্রচেষ্টা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রাথমিক ২৮ দফা প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর পর দুই পক্ষই জানায়, তারা ‘হালনাগাদ ও সংশোধিত’ শান্তিচুক্তির খসড়া নিয়ে কাজ করছে।

অবশ্য যুক্তরাষ্ট্রের এই শান্তি প্রস্তাব কিয়েভ এবং ইউক্রেনের মিত্রদের মধ্যে কিছু উদ্বেগ তৈরি করেছিল। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সোমবার রাতে বলেন, আলোচনার পর যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে এখন ‘কম পয়েন্ট’ রয়েছে এবং তাতে ‘সঠিক কিছু উপাদান’ যুক্ত হয়েছে।

ইউক্রেনের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ মঙ্গলবার জানান, জেনেভা বৈঠকে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার মূল শর্তগুলো নিয়ে দুই পক্ষ ‘অভিন্ন সমঝোতায়’ পৌঁছেছে।

তিনি আরও বলেন, নভেম্বরের উপযুক্ত সময়ে জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন, যাতে চুক্তির শেষ ধাপগুলো সম্পন্ন করে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় পৌঁছানো যায়।

ক্যাটাগরি