ডব্লিউপিএলও এর আয়োজনে কবিতা উৎসব অনুষ্ঠিত

ওয়ার্ল্ড পোয়েট অ্যান্ড লিটারেচার অর্গানাইজেশন (ডব্লিউপিএলও)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো কবিতা উৎসব, যার মিলোনাম “আন্তর্জাতিক কবিতা উৎসব ঢাকা ২০২৫”। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গত শুক্রবার অনুষ্ঠিত হয় এই আয়োজন। সাহিত্য, সংস্কৃতি ও মানবতার মিলনমেলায় পরিণত এই আন্তর্জাতিক আয়োজনের উদ্বোধন করেন কবি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক রেজাউদ্দীন স্টালিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, এবং বিশেষ অতিথি ছিলেন কবি ও নাট্যনির্মাতা গাজী অ্যাপেল মাহমুদ ও লায়ন নুর উন নবি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান সিকদার কামাল। ডব্লিউপিএলও-এর চেয়ারম্যান ড. সাজ্জাদুল ইসলাম পীরজাদা এবং প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. পীরজাদা আজমী। উৎসবে দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য কবি ও লেখকগণ অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি গাজী অ্যাপেল মাহমুদ বলেন, “বাংলা সাহিত্য ও সংস্কৃতির ভেতরে যে অমূল্য রত্ন লুকিয়ে আছে, তাকে বিশ্ববাসীর সামনে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে এই সংগঠনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।” অনুষ্ঠানের মূল স্লোগান ছিল— “চলুন, কবিতার মাধ্যমে, মানবতার জাগরণে আমরা আবারও নতুন এক সুন্দর পৃথিবী গড়ে তুলি।” এই স্লোগানের মাধ্যমে যুদ্ধবিরোধী বার্তা, নারী অধিকার সুরক্ষা, এবং বিশ্বমানবতার জাগরণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।’ উৎসবের শেষ পর্যায়ে গাজী অ্যাপেল মাহমুদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সম্মাননা প্রদান করা হয়।



