“সাত বছর পূর্ণ” ফয়সাল আহমেদ সম্পাদিত ‘এবং বই’-এর বিশেষ সংখ্যা বাজারে

বইবিষয়ক ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘এবং বই’-এর ২২তম সংখ্যা প্রকাশিত হয়েছে। এতে রয়েছে— প্রবন্ধ, বই আলোচনা, সাক্ষাৎকার, স্মৃতিগদ্য, বইকথন ও সাহিত্য সংবাদ।
লেখক-গবেষক ফয়সাল আহমেদ সম্পাদিত জুলাই-ডিসেম্বর সংখ্যার প্রচ্ছদ করেছেন তানভীর আহমেদ তুষার। ১৬০ পৃষ্ঠার পত্রিকাটির মূল্য ১৫০ টাকা।
সাক্ষাৎকার পর্বে যুক্ত হয়েছেন খ্যাতিমান লেখক, গবেষক, অনুবাদক ও সাহিত্য সমালোচক আহমাদ মাযহার। ‘এবং বই’-এর সঙ্গে বিস্তারিত আলাপে উঠে এসেছে তার শৈশবের স্মৃতি, লেখক হয়ে ওঠার গল্প ও সাহিত্যচর্চাসহ সমকালীন নানা প্রসঙ্গ।
চলতি সংখ্যার লেখক তালিকায় রয়েছেন— কথাশিল্পী আহমদ বশীর, প্রবন্ধিক-নাট্যকার গোলাম শফিক, গবেষক-লেখক খান মাহবুব, লেখক অধ্যাপক আহমেদ মাওলা, লেখক-গবেষক রিদওয়ান আক্রাম, প্রাবন্ধিক-অনুবাদক সুরজিৎ রায় মজুমদার, লেখক-প্রাবন্ধিক সরোজ মোস্তফা, লেখক-গবেষক সঞ্জয় সরকার, লেখক আইনজীবী এম এম খালেকুজ্জামান, কথাসাহিত্যিক সুমন মজুমদার, লেখক-অনুবাদক রাকিবুল রকি, কথাসাহিত্যিক মারুফ ইসলাম, গল্পকার-সমালোচক ইলিয়াস বাবর, কবি দন্ত্যন ইসলাম ও লেখক-গবেষক ফয়সাল আহমেদ।
পত্রিকাটির সম্পাদক ফয়সাল আহমেদ জানান, ‘২২তম সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে এবং বই-এর যাত্রার সাত বছর পূর্ণ হলো। এ সংখ্যায় আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি দেশের সাত বিশিষ্টজনকে, যারা সম্প্রতি এবং কাছাকাছি সময়ে প্রয়াত হয়েছেন। তারা হলেন— বুদ্ধিজীবী-লেখক-গবেষক বদরুদ্দীন উমর, ভাষাসংগ্রামী ও লেখক আহমদ রফিক, লেখক অধ্যাপক যতীন সরকার, কথাসাহিত্যিক প্রাবন্ধিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, লেখক ও স্থানীয় সরকারবিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দার স্রষ্টা লেখক রকিব হাসান ও লেখক শিক্ষক ইফতেখার মাহমুদ। তাদের স্মরণে এই সংখ্যায় রয়েছে একাধিক প্রবন্ধ-নিবন্ধ ও স্মৃতিগদ্য। আশা করি, বরাবরের মতোই এই সংখ্যাও পাঠকের ভালো লাগবে।’
‘এবং বই’ পাওয়া যাচ্ছে বাতিঘর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী শাখা, কাঁটাবন কনকর্ডের জাগতিক প্রকাশন, বরিশাল সদর রোডের বুক ভিলা লাইব্রেরিতে। এছাড়া প্রথমা ডটকম অনলাইন, বাতিঘর ও রকমারি ডটকম অনলাইনে অর্ডার করে ঘরে বসেই সংগ্রহ করা যাবে।



