বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু রাজশাহী সদর (রাজশাহী-২) আসনে মনোনয়নপত্র সংগ্রহ।

অদ্য ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সোমবার আনুমানিক দুপুর ১২৩০ ঘটিকার সময় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর বিএনপির নেতারা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
তবে সারাদেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে বলে তারা লক্ষ্য করছেন। এ ধরনের ষড়যন্ত্র ও সংশ্লিষ্টদের চিহ্নিত করতে সরকার ও নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা প্রয়োজন।
নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
প্রার্থীর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, মিজানুর রহমান মিনু রাজশাহীর সাবেক মেয়র ও সংসদ সদস্য ছিলেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে স্বাভাবিকভাবেই চলাফেরা করেন।
সে কারণে বড় ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। তবে প্রতিপক্ষের পক্ষ থেকে পরিবেশ অশান্ত করার চেষ্টা হতে পারে এ বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত।
মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ হবে—এটাই তাদের প্রত্যাশা। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। কোনো ষড়যন্ত্র বা বিশৃঙ্খলার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তার মোকাবিলা করবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ।



