ধর্ম

ইসলামে কেন বিয়ে ‘অর্ধেক দ্বীন’? সুখী দাম্পত্যের জন্য যে নির্দেশনা দিয়েছে ইসলাম

বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়, ইসলামে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং মানবজীবনের অন্যতম পবিত্র সম্পর্ক। পারিবারিক স্থিতি, মানসিক প্রশান্তি ও নৈতিক জীবন গঠনে বিয়ের গুরুত্ব তুলে ধরে ইসলাম এটিকে দ্বীনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আখ্যায়িত করেছে।

হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি বিয়ে করল, সে তার অর্ধেক দ্বীন পূর্ণ করল। অতএব, বাকি অর্ধেকের বিষয়ে সে যেন আল্লাহকে ভয় করে।” (আল-মুজামুল আওসাত, তাবারানি)

ইসলামে বিয়েকে সহজ ও বরকতময় করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সবচেয়ে বরকতময় বিয়ে হলো যে বিয়েতে খরচ ও ঝামেলা কম। (মুসনাদে আহমাদ, মুস্তাদরাকে হাকিম)

ইসলামী শরিয়তে বিয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে অপচয় ও অপ্রয়োজনীয় আড়ম্বর পরিহার, যৌতুকের মতো হারাম প্রথা থেকে বিরত থাকা এবং বরের সামর্থ্য অনুযায়ী সহজ ও সম্মানজনক দেনমোহর নির্ধারণ করা। (সুনানে আবু দাউদ, তাবারানি)

এ ছাড়া নবদম্পতির জন্য দোয়া করাকেও সুন্নত হিসেবে উল্লেখ করা হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) নবদম্পতির জন্য এ দোয়া করতেন—বারাকাল্লাহু লাকা, ওয়া বারাকা আলাইকা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন।” অর্থাৎ, “আল্লাহ তোমাকে বরকত দান করুন, তোমাদের উভয়ের ওপর বরকত নাজিল করুন এবং কল্যাণের সঙ্গে তোমাদের একত্রে রাখুন।” (জামে তিরমিজি)

আলেমরা বলেন, ইসলামের নির্দেশনা অনুযায়ী সরল, অপচয়মুক্ত ও সুন্নাহসম্মতভাবে বিয়ে সম্পন্ন হলে দাম্পত্য জীবনে শান্তি, ভালোবাসা ও আল্লাহর রহমত লাভের সম্ভাবনা আরও বৃদ্ধি পায়।

ক্যাটাগরি