প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড হওয়ায় দায়ী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছিল। তবে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের আগেই ঢাকা বিভাগের ৯ জেলার ফলাফল ওয়েব পোর্টালে আপলোড হয়ে যায়। অল্প সময়ের জন্য লিংকটি সচল থাকায় অনেক ব্যবহারকারী ফলাফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে তা দ্রুত সরিয়ে ফেলা হয়।
মহাপরিচালকের চিঠিতে উল্লেখ করা হয়, ৮ জুলাই ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ওয়েব লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে। তাকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের আগে কোনোভাবেই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা যাবে না। কিন্তু সেই নির্দেশনা অনুসরণ করা হয়নি।
ঘটনার তদন্তে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মিরাজুল ইসলাম উকিলকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন, লাইভ সার্ভারে ফলাফল আপলোডের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়নি। এ কারণে তথ্য আগেভাগেই জনসমক্ষে চলে আসে।
এ বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত কর্মকর্তা মো. মেহতাব কায়েসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জানিয়েছেন, এটি চূড়ান্ত ফল প্রকাশ ছিল না। ভুলবশত আপলোড হওয়া ফলাফল দ্রুত সরিয়ে ফেলা হয়েছে এবং ফল প্রস্তুতের কিছু কাজ এখনো বাকি রয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।
এবার মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) এবং ৪৯ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি লাভ করবে।




