ইয়েমেনে মার্কিন হামলায় ২০২৫ সালে ১৫৩ বেসামরিক নিহত

ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানে ১৫৩ জন বেসামরিক মানুষ নিহত এবং আরও ২৪৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১১ আগস্ট) এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক পর্যালোচনায় দেখা গেছে, ২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীর নথিভুক্ত সব বেসামরিক হতাহতের ঘটনা ইয়েমেনে এপ্রিল মাসে চালানো তিনটি হামলায় ঘটেছে। পেন্টাগনের বার্ষিক বেসামরিক হতাহতসংক্রান্ত প্রতিবেদন হিসেবে তৈরি করা মূল্যায়নটি মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে। প্রতিবেদনটি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে এসেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক পেন্টাগন কর্মকর্তা এপিকে জানান, প্রতিবেদনটি আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ইয়েমেনে মার্কিন হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে মার্কিন সামরিক অভিযানে মাত্র দুজন বেসামরিক নিহত এবং দুজন আহত হওয়ার কথা জানিয়েছিল পেন্টাগন।
২০২৫ সালের এপ্রিলের ওই তিনটি হামলার লক্ষ্য ছিল হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানা ও এর আশপাশের এলাকা এবং রাস ইসা জ্বালানি বন্দর। এর মধ্যে রাস ইসা বন্দরে চালানো হামলাটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। এতে ৮০ জন নিহত ও ১৭১ জন আহত হন।
হামলার পর বন্দরে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তেলের ট্যাংকারে আগুন ধরে যায়। হুথিদের আল-মাসিরাহ টেলিভিশন হামলার পর ঘটনাস্থলের বিভিন্ন দৃশ্য প্রচার করে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, হুথিদের জ্বালানি ও অর্থের উৎস বন্ধ করাই ওই হামলার মূল উদ্দেশ্য ছিল। তবে পেন্টাগনের পর্যালোচনায় এসব অভিযানে উল্লেখযোগ্য বেসামরিক হতাহতের তথ্য উঠে এসেছে।




