উমরা পালনে ট্যুরিস্ট ভিসার সুযোগ পেল নতুন ৪ দেশ

সম্প্রতি সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। নতুন সুবিধার আওতায় দেশ চারটির পাসপোর্টধারীরা অনলাইনে ট্যুরিস্ট ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সৌদি আরবে পৌঁছেও ভিসা নেওয়ার সুযোগ রয়েছে।
সৌদি আরবের সরকারি ‘ভিজিট সৌদি’ ওয়েবসাইটেও দেশ চারটির নাম যুক্ত করা হয়েছে। যোগ্য নাগরিকেরা অনলাইনে ই-ভিসার পাশাপাশি নির্ধারিত প্রবেশপথে অন-অ্যারাইভাল ভিসা এবং ট্রানজিট বা স্টপওভার ভিসার সুবিধা নিতে পারবেন। তবে প্রতিটি ভিসার ক্ষেত্রে আলাদা শর্ত ও নিয়ম প্রযোজ্য হবে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সুবিধার আওতায় ভ্রমণকারীরা উমরা পালনের পাশাপাশি দেশটির বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখতে পারবেন। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠান, প্রদর্শনী ও সম্মেলনে অংশগ্রহণ এবং সৌদি আরবে বসবাসরত আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন।
নতুন সিদ্ধান্তের উল্লেখযোগ্য দিক হলো, চার দেশের মুসলিম নাগরিকদের উমরা পালনের জন্য আলাদা উমরা ভিসা নেওয়া বাধ্যতামূলক নয়। ট্যুরিস্ট ভিসা ব্যবহার করেই তারা উমরা পালন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে সৌদি আরবের প্রবেশ ও উমরাসংক্রান্ত প্রচলিত নিয়মকানুন অনুসরণ করতে হবে।
তবে ট্যুরিস্ট ভিসা দিয়ে হজ পালন করা যাবে না। একইভাবে হজের নির্ধারিত মৌসুমে এ ভিসা ব্যবহার করে উমরা পালনেরও সুযোগ নেই। হজ পালনের জন্য অবশ্যই নির্ধারিত হজ ভিসা নিতে হবে।
এ ছাড়া ট্যুরিস্ট ভিসায় সৌদি আরবে বেতনভিত্তিক চাকরি কিংবা অনুমোদনহীন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যাবে না। ভিসার অনুমোদিত মেয়াদ ও অবস্থানসংক্রান্ত শর্তও মেনে চলতে হবে।
যোগ্য দেশের নাগরিকেরা সৌদি আরবের সরকারি ট্যুরিস্ট ই-ভিসা পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের আগে পাসপোর্টের মেয়াদ, ভিসার ফি, প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রবেশসংক্রান্ত শর্ত যাচাই করতে হবে। সৌদি আরবের নিয়ম অনুযায়ী, প্রবেশের সময় পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস থাকতে হবে।
সৌদি আরবের এ উদ্যোগ আন্তর্জাতিক পর্যটন ও ধর্মীয় ভ্রমণ সহজ করার প্রচেষ্টার অংশ। এর ফলে নতুন চার দেশের মুসলিম নাগরিকদের জন্য মক্কা ও মদিনা সফর এবং উমরা পালনের সুযোগ আরও সম্প্রসারিত হলো।



