এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’, বদলাবে না গ্রাহকের নম্বর ও সেবা

বাংলাদেশে তরুণদের মধ্যে জনপ্রিয় মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটি উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি।
রবি জানিয়েছে, এয়ারটেলের ১৬ বছরের যাত্রার ধারাবাহিকতায় নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ তৈরি করা হয়েছে। ব্র্যান্ডের পরিচয় পরিবর্তন হলেও গ্রাহকদের সেবায় কোনো পরিবর্তন আসবে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহকে পরিণত হবেন।
গ্রাহকদের বিদ্যমান ০১৬ নম্বর, ব্যালান্স, প্যাকেজ ও অন্যান্য সেবা আগের মতোই চালু থাকবে। একইভাবে মোবাইল আর্থিক সেবার হিসাব, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না। রবি জানিয়েছে, পুরো পরিবর্তন প্রক্রিয়ায় গ্রাহকেরা নিরবচ্ছিন্ন সেবা পাবেন।
নতুন ব্র্যান্ডটি তরুণদের পরিবর্তিত ডিজিটাল জীবনধারা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি, ডিজিটাল সেবা, বিনোদন, গেমিং ও কনটেন্ট তৈরির ক্ষেত্রে আরও উন্নত অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রয়েছে সার্কেলের।
রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের প্রতি মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।
‘আসল সংযোগ, সবসময় সচল’—এই ব্র্যান্ড প্রতিশ্রুতি নিয়ে সার্কেল তরুণদের নির্ভরযোগ্য ডিজিটাল সঙ্গী হিসেবে কাজ করার লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি মানুষকে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও অভিজ্ঞতার সঙ্গে আরও অর্থবহভাবে যুক্ত রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।
রবি জানিয়েছে, নতুন ব্র্যান্ডের অধীনে বাংলাদেশের ডিজিটালনির্ভর প্রজন্মের পরিবর্তিত চাহিদা পূরণে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সেবায় বিনিয়োগ অব্যাহত থাকবে।




