খুলনায় পপুলার লাইফের ৩ কোটি ১৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

দ্রুত বীমা দাবি পরিশোধের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে খুলনা অঞ্চলের গ্রাহকদের ৩ কোটি ১৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি।
গতকাল খুলনায় কোম্পানির নিজস্ব ভবনের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব দাবির চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন এবং মো. খলিলুর রহমান সিকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল। এ সময় প্রকল্প ইনচার্জসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, গ্রাহকদের বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধের পাশাপাশি কোম্পানির সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি গ্রাহকদের প্রতি কোম্পানির দায়বদ্ধতা বজায় রেখে বীমা দাবি নিষ্পত্তির কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
কোম্পানি সূত্র জানায়, গ্রাহকদের বীমা দাবি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দেশজুড়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে পপুলার লাইফ। এরই ধারাবাহিকতায় খুলনা অঞ্চলের গ্রাহকদের দাবির অর্থের চেক হস্তান্তর করা হলো।



