বিনোদন

‘গুলশানের চামেলি’ নিয়ে সমালোচনার জবাব দিলেন বাঁধন

আজমেরী হক বাঁধন। ছবি: ফেসবুক

নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’–তে অভিনয় নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

রোববার (২ আগস্ট) ফেসবুক পোস্টে বাঁধন জানান, সিনেমাটিতে কাজ করার সিদ্ধান্ত তাঁর জন্য সহজ ছিল না। তবে গল্প এবং পুরো টিমের পেশাদার আচরণ তাঁকে কাজটি করতে উৎসাহিত করেছে।

তিনি লেখেন, ‘গুলশানের চামেলি’তে কাজ করতে রাজি হওয়াটা আমার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু গল্পটি আমার খুব ভালো লেগেছে। পুরো টিমের কাছ থেকে যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, সেটিও আমি আন্তরিকভাবে মূল্যায়ন করি।’

সামাজিক মাধ্যমে সমালোচকদের উদ্দেশে বাঁধন বলেন, নিজের সিদ্ধান্ত নিয়ে অন্যের উপদেশের প্রয়োজন নেই। তিনি এমন মানুষের পরামর্শই গুরুত্ব দেন, যাদের প্রতি তাঁর আস্থা ও সম্মান রয়েছে।

এর আগে শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। মহরত শেষে বাঁধন জানান, তিনি ছবিতে একজন আইনজীবী ও মানবাধিকারকর্মীর চরিত্রে অভিনয় করবেন। চরিত্রটিকে নিজের জন্য বিশেষ মনে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতা নিয়ে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। সিনেমাটিতে বাঁধনের পাশাপাশি অভিনয় করছেন মধুমিতা সরকার, আমিন খান, রোজিনা, ওমর সানী, আশীষ খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু, সুস্মি রহমান, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

ক্যাটাগরি