জাতীয় দলে ফিরতে প্রস্তুত রোনালদো, কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

একদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার খবরের মধ্যেই অন্যদিকে বিশ্ব ফুটবলকে নাড়া দিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দল ছেড়ে চলে আসা, কোচের সঙ্গে দ্বন্দ্ব এবং দলের হয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক দীর্ঘ ও বিস্ফোরক আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই বিবৃতিতে ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড স্পষ্ট করে জানান, শারীরিক ও মানসিকভাবে ফিট থাকলে পর্তুগালের হয়ে আবারও মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত তিনি। একই সঙ্গে বিদায়ী ম্যাচ নিয়ে চলমান আলোচনাকে পাত্তা না দিয়ে জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচেই লড়াই করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।
বিবৃতিতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের ব্যাখ্যা দিয়ে রোনালদো জানান, বিশ্বকাপের পর পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতি তাকে জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানান এবং নতুন কোচের বিষয়ে তার মতামত জানতে চান। রোনালদো তখন বর্তমান কোচকেই সঠিক পছন্দ হিসেবে সমর্থন করেছিলেন।
রোনালদোর দাবি অনুযায়ী, গত আগস্টে কোচ তাকে জানান যে, তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। এমনকি প্রথম ও শেষ ম্যাচে তাকে খেলানোর পরিকল্পনা রয়েছে জানিয়ে অ্যাওয়ে ম্যাচগুলো এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও রোনালদো তা মানেননি।
চলতি অসন্তোষের মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে রোনালদো নরওয়ের বিপক্ষে ম্যাচের ঘটনার উল্লেখ করেন। কোচ তাকে ৩০ মিনিট খেলানোর কথা বললে তিনি তাতে রাজি হন এবং দ্বিতীয়র্ধের শুরু থেকেই ওয়ার্ম-আপ শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে মাঠে নামানো হয়নি।
রোনালদোর অভিযোগ, পরবর্তীতে কোচের সঙ্গে তার একটি সমঝোতা হয়। কোচের প্রতিনিধি ‘কুতিনহো’র উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছিল যে, সংবাদ সম্মেলনে কোচ নিজেই বিষয়টি পরিষ্কার করবেন এবং বলবেন পুরো সিদ্ধান্তটি তারই ছিল। কিন্তু সংবাদ সম্মেলনে কোচের বক্তব্য সেই সমঝোতার উল্টো ছিল এবং রোনালদোর বিরুদ্ধে কিছু কটু মন্তব্য করা হয়। এটিকে কোচের পক্ষ থেকে প্রতিশ্রুতি ভঙ্গের দ্বিতীয় ঘটনা বলে উল্লেখ করেন রোনালদো।
তিনি জোর দিয়ে বলেন, ২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি কখনো কোনো কোচের টেকনিক্যাল সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি। তবে কথা দিয়ে কথা না রাখলে জাতীয় দলে থাকা সমীচীন নয় বলে মনে করেন তিনি।
জাতীয় দলের ক্যাম্প হঠাৎ ছেড়ে আসার বিষয়ে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন রোনালদো। একজন অধিনায়ক হিসেবে নিজের এই আচরণকে শাস্তিযোগ্য উল্লেখ করে তিনি পুরো দায়ভার নিজের কাঁধে তুলে নেন। এমনকি এই ভুলের জন্য পর্তুগিজ ফুটবল ফেডারেশনকে (এফপিএফ) কোনো ছাড় না দিয়ে তাকে শাস্তি দেওয়ার আহ্বানও জানান।
বিদায়ী ম্যাচ নিয়ে চলমান বিতর্ক উড়িয়ে দিয়ে রোনালদো বলেন, জাতীয় দলের জার্সিতে কোনো কিছুই তিনি উপহার হিসেবে পাননি, প্রতিটি ম্যাচই ছিল তার জন্য প্রতিযোগিতার। বাবার মৃত্যুর পরও দেশের হয়ে ম্যাচ শেষ করা পর্যন্ত অবস্থান করার উদাহরণ টেনে জাতীয় দলের প্রতি নিজের অকৃত্রিম দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
বিবৃতির শেষে নিজের স্পষ্ট অবস্থান জানিয়ে সিআরসেভেন বলেন, ‘আমি যদি ফিট থাকি, তাহলে পর্তুগালের হয়ে জিততে এবং লড়াই করতে বরাবরের মতোই প্রস্তুত থাকব। এটিই চরম সত্য।’
ফিনান্সিয়াল বার্তা/এইচ



