কর্পোরেট

নিখোঁজ মানুষ খুঁজতে ওয়ালটন প্লাজায় ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারের লক্ষ্যে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

নিখোঁজ বা হারিয়ে যাওয়া মানুষকে দ্রুত খুঁজে পেতে এবার উদ্যোগ নিয়েছে দেশের ইলেকট্রনিকস পণ্য বিক্রি ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। জরুরি তথ্য প্রচারকারী প্ল্যাটফর্ম ‘মুন অ্যালার্ট’-এর সঙ্গে যৌথভাবে ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’ উদ্যোগ চালু করেছে প্রতিষ্ঠানটি।

এই উদ্যোগের আওতায় দেশজুড়ে ৭০০টির বেশি ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে যাচাইকৃত নিখোঁজ ব্যক্তিদের ছবি ও প্রয়োজনীয় তথ্য নিয়মিত প্রচার করা হবে। এর মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের দ্রুত খুঁজে বের করার চেষ্টা করা হবে।

এ লক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের মধ্যে একটি পারস্পরিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান এবং মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান জিরো মিসিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদাত রহমান।

এ সময় ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ক্রিয়েটিভ পার্টনার পিপল-ফাইভের চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান বলেন, ওয়ালটন প্লাজা শুধু পণ্য বিক্রি ও সেবাদানের মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি। সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও প্রতিষ্ঠানটি সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

তিনি বলেন, এই দায়বদ্ধতা থেকেই নিখোঁজ মানুষের তথ্য দ্রুত ও ব্যাপকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মুন অ্যালার্টের সঙ্গে যৌথভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়ালটন প্লাজার পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ তাদের নিকটস্থ ওয়ালটন প্লাজায় গিয়ে সর্বশেষ নিখোঁজ ব্যক্তিদের তথ্য দেখতে পারবেন। পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে মুন অ্যালার্টের হেল্পলাইন ১৩২১৯ এবং ওয়েব পোর্টালের মাধ্যমে নিখোঁজ ব্যক্তির বিষয়ে রিপোর্ট করা ও আগের রিপোর্টের তথ্য অনুসরণ করা যাবে।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, দেশজুড়ে ওয়ালটন প্লাজাগুলোতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের যাতায়াত রয়েছে। এই বিস্তৃত নেটওয়ার্ক ও প্লাজাগুলোর টিভি স্ক্রিন নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে কাজে লাগানো তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।

তিনি আশা প্রকাশ করেন, উদ্যোগটি নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে পেতে এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা সাদাত রহমান বলেন, যাচাইকৃত তথ্য যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে।

তিনি বলেন, ওয়ালটন প্লাজার দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক এমন অনেক জায়গায় নিখোঁজ ব্যক্তিদের তথ্য পৌঁছে দিতে সহায়তা করবে, যেখানে মুন অ্যালার্টের একার পক্ষে পৌঁছানো কঠিন। এই মানবিক উদ্যোগে ওয়ালটন প্লাজাকে পাশে পেয়ে তারা আনন্দিত।

উদ্যোক্তারা জানান, প্রযুক্তি ও দেশব্যাপী বিস্তৃত ব্যবসায়িক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

ক্যাটাগরি