জাতীয়

প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ভাতার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, চিকিৎসাসেবা, শিক্ষা ও যাতায়াতের সুযোগ বাড়ানোর বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে তারা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন।’

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকার ও সমাজের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অধিকার, মর্যাদা ও প্রয়োজনীয় বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা দরকার। অতীতে এ ক্ষেত্রে যেসব ঘাটতি ছিল, সেগুলো পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়।

প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানে গুরুত্ব

প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতেও প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করবে।

এ বিষয়ে সমাজকল্যাণমন্ত্রীকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন তিনি। সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশের বয়সসীমা বাড়ানো এবং প্রতিবন্ধী কৃষকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টিও সরকার বিবেচনা করবে বলে জানান প্রধানমন্ত্রী।

হাসপাতাল ও সরকারি প্রতিষ্ঠানে সাংকেতিক ভাষার ব্যবস্থা

প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা গ্রহণের ক্ষেত্রে যোগাযোগের প্রতিবন্ধকতা দূর করতে সরকারি প্রতিষ্ঠান ও আদালতে সাংকেতিক ভাষা ব্যবহারের সুযোগ সৃষ্টির বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানান তারেক রহমান। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হবে।

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগের সমস্যা সমাধানে সাংকেতিক ভাষা জানা ব্যক্তিদের ব্যবস্থা করার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে প্রতিবন্ধী নারীদের আইনি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত সংখ্যা নির্ধারণে নির্ভরযোগ্য পরিসংখ্যানের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ করে সরকারের কাছে উপস্থাপনের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন ও ভবন নির্মাণ

প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধা নিশ্চিত করতে গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বিশেষ চাহিদাসম্পন্ন নারীদের জন্য পিংক বাসসেবা আরও উপযোগী করার পাশাপাশি ঢাকা ও অন্যান্য বড় শহরে প্রতিবন্ধীবান্ধব বাস চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

নতুন ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রেও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশ ও চলাচলের উপযোগী ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেন তারেক রহমান। এসব সুবিধা না থাকলে সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদন না দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রস্তাবকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

সংসদে প্রতিনিধিত্বের প্রস্তাব বিবেচনা

জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রস্তাব প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিষয়টি সাংবিধানিক বিবেচনার সঙ্গে সম্পৃক্ত। এ বিষয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি আরও জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে সমাজকল্যাণ, আইন এবং নারী ও শিশুবিষয়ক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে তাদের আইনি সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক মানুষের সম্মান ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিরা যেন প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেয়ে স্বাবলম্বী ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন দাবি তুলে ধরা

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলালের সঞ্চালনায় মতবিনিময় সভায় ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় তারা নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

অনুষ্ঠানে মো. মহসিন নামের এক প্রতিবন্ধী ক্রীড়াবিদ প্রধানমন্ত্রীর জন্য ক্যাপ উপহার এনেছেন জানালে মঞ্চ থেকে নেমে এসে তা গ্রহণ করেন তারেক রহমান। এ সময় বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে মহসিনের দলকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।

সূত্র: বাসস

ক্যাটাগরি