অর্থনীতি

বন্ধ থাকা কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ছবি: সংগৃহীত

কিউ-ক্যাশ (Q-Cash) নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেম স্থানান্তরের (মাইগ্রেশন) কারণে বিভিন্ন ব্যাংকের বন্ধ হয়ে যাওয়া কার্ড ও সংশ্লিষ্ট ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং লেনদেনের স্বাভাবিক ধারাবাহিকতা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) এক জরুরী বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এসব নির্দেশনা জারি করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি (ITC) পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কের কারিগরি উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে এই নেটওয়ার্কভুক্ত ব্যাংকগুলোর কার্ড, এটিএম বুথ ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-সংশ্লিষ্ট ডিজিটাল সেবা ব্যাহত হচ্ছে। এতে দেশজুড়ে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

গ্রাহকদের সীমাহীন ভোগান্তি ও আর্থিক লেনদেনের বিঘ্ন ঘটায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকের স্বার্থ রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসির শীর্ষ ব্যবস্থাপনাকে তলব করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মূল নির্দেশনায় উল্লেখ করা হয়:

১. দ্রুততম সময়ের মধ্যে কিউ-ক্যাশের সুইচিং কার্যক্রম পুরোপুরি সচল করে সকল কার্ডভিত্তিক সেবা চালু করতে হবে।

২. গ্রাহকদের সার্বিক ভোগান্তি কমাতে দ্রুত ও কার্যকর উদ্যোগ নিতে হবে।

হঠাৎ কিউ-ক্যাশের সিস্টেম মাইগ্রেশনের কারণে দেশের প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন সুবিধা সীমিত বা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এর মধ্যে রয়েছে:

  • এটিএম (ATM) থেকে নগদ অর্থ উত্তোলন

  • পয়েন্ট অব সেলস (POS) মেশিনে লেনদেন

  • অনলাইন ও আন্তব্যাংক অর্থ স্থানান্তর (Fund Transfer)

  • কিউআর (QR) পেমেন্ট সুবিধা

বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, যেসব ব্যাংক সরাসরি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (NPSB) সঙ্গে যুক্ত, তাদের লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এছাড়াও স্বাভাবিক রয়েছে:

  • এমএফএস ও পিএসপি: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) এবং অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের সেবা।

  • কেন্দ্রীয় পেমেন্ট সিস্টেম: বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (BACH), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN) এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS)।

জরুরি কেনাকাটা বা অর্থ স্থানান্তরে গ্রাহকদের সাময়িকভাবে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার এবং নিজ নিজ ব্যাংকের আনুষ্ঠানিক নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ফিনান্সিয়াল বার্তা/বি ইউ

ক্যাটাগরি