ব্যাংক বীমা

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে ২৫ হাজার ৯০০ কোটি টাকা

সংগৃহীত ছবি

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে প্রায় ২৫ হাজার ৯০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের অর্থবছর ২০২৪-২৫-এ কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে প্রায় ৩ হাজার ২৮০ কোটি টাকা।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংক খাতে দীর্ঘদিনের তারল্যসংকটের কারণে বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আগের তুলনায় বেশি অর্থ ধার করেছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ থেকে সুদ আয় বেড়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ বিভিন্ন দেশের আর্থিক ও বিনিয়োগ খাতে রাখার মাধ্যমে আয় এবং ঋণ ব্যবস্থাপনা থেকেও সুদ আয় হয়েছে। এসব কারণে নিট মুনাফা বেড়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ছয় গুণ হারে প্রণোদনা বোনাস দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

তবে অর্থনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বৃদ্ধি অর্থনীতির জন্য সরাসরি ইতিবাচক সূচক নয়। তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের মূল দায়িত্ব হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতের তদারকি, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করা। ব্যাংক খাতে সংকটের সময়ে বেশি ঋণ দেওয়ার কারণেও সুদ আয় বেড়েছে। তাই মুনাফা বৃদ্ধির পাশাপাশি ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে নিট মুনাফা ছিল প্রায় ১৫ হাজার ৩০০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ২২ হাজার ৬২০ কোটি এবং সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে ২৫ হাজার ৯০০ কোটি টাকায় উন্নীত হয়েছে।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি