বাংলাদেশিদের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা, ৪৮ ঘণ্টায় মিলবে ই-ভিসা

বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজ চালু করেছে সৌদি আরব। এই উদ্যোগের আওতায় ভ্রমণকারীরা একটি প্যাকেজ বুকিংয়ের মাধ্যমেই রিটার্ন বিমান টিকিট, হোটেল বুকিং এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা (ই-ভিসা) পাবেন। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।
গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এ সুবিধা পাবেন। ভবিষ্যতে আরও দেশের নাগরিকদের এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সৌদি পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই ই-ভিসা ইস্যু করা হবে। ভিসার সঙ্গে ই-মেইলে পাঠানো হবে ভ্রমণ বীমা ও প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথিপত্র। বর্তমানে রিজারভাল এবং আলমোসাফ নামে দুটি অনুমোদিত ট্রাভেল এজেন্সি এ সেবা দিচ্ছে।
নতুন ট্যুরিস্ট ভিসার মেয়াদ হবে তিন মাস। এ ভিসায় একবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং ২ থেকে ৮৮ দিন পর্যন্ত অবস্থানের অনুমতি মিলবে।
প্রাথমিক দুই দিনের প্যাকেজের সর্বনিম্ন মূল্য ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। এছাড়া ভিসা ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল। চাইলে ভ্রমণকারীরা প্যাকেজের সঙ্গে বিভিন্ন ইভেন্টের টিকিট ও বিনোদনমূলক সেবাও যুক্ত করতে পারবেন।
তবে এই প্যাকেজে উমরাহ-সম্পর্কিত কোনো সেবা অন্তর্ভুক্ত নয়। যদিও ট্যুরিস্ট ভিসাধারীরা সৌদি আরবে পৌঁছানোর পর মক্কা, মদিনাসহ দেশের অন্যান্য এলাকায় ভ্রমণ করতে পারবেন।
এছাড়া অনাকাঙ্ক্ষিত কারণে ফ্লাইট বা হোটেল বুকিং বাতিল হলে অর্থ ফেরত বা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট অনুমোদিত ট্রাভেল এজেন্সির নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে।
সূত্র: গালফ নিউজ




