বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের না যাওয়ার সিদ্ধান্তের জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে তদন্ত কমিটি। একই সঙ্গে ওই সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সায় দিয়েছিল বলেও ২২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এসব তথ্য জানান। তিনি বলেন, তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, গণমাধ্যমের প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং সে সময়ের সরকারকে দায়ী করা হয়েছে।
তদন্ত কমিটির মতে, বাংলাদেশের ওই বিশ্বকাপে অংশ নেওয়া উচিত ছিল।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কার কারণে অংশ নেয়নি বাংলাদেশ। পরে বাংলাদেশকে বাদ দিয়েই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দেশের মাটিতে এ সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে বিশ্বকাপে না যাওয়ার নেপথ্যের কারণ অনুসন্ধানে তদন্তের উদ্যোগ নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এর ধারাবাহিকতায় মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সাল দস্তগীর।
দীর্ঘ কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে ওই সময়ের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে।
তদন্তের অংশ হিসেবে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল, বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকসহ সংশ্লিষ্ট কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধির বক্তব্যও প্রতিবেদনে যুক্ত করা হয়েছে।
তবে অভিযোগের কেন্দ্রে থাকা তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং সে সময়ের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্য নিতে পারেনি তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
তদন্ত প্রতিবেদনের এই সিদ্ধান্তের ফলে ভারতের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিতর্কে সরকারের সিদ্ধান্ত এবং বিসিবির ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
ফিন্যান্সিয়াল বার্তা/বি ইউ



