মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই ছাত্রী, ৪ দিনেও সন্ধান নেই

মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি মাহিমা ও তানিশা; পৃথক জিডি করেছেন দুই শিক্ষার্থীর মা
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসায় যাওয়ার পথে দুই ছাত্রী মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়ম আক্তার তানিশা (১৩) চারদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় উৎকণ্ঠায় থাকা দুই শিক্ষার্থীর মা থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ মাহিমা আক্তার মাহি চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগীরকান্দি গ্রামের সৌদি আরবপ্রবাসী মহি উদ্দিনের মেয়ে। আর মরিয়ম আক্তার তানিশা একই এলাকার দুবাইপ্রবাসী জাহাঙ্গীর আলমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহিমা ও তানিশা কাশিনগর বাজারের ভুশ্চি রোডে অবস্থিত আল-আমিন মহিলা মাদরাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয় তারা। তবে এরপর আর বাড়িতে ফেরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে শুক্রবার তানিশার মা সালমা বেগম ও মাহিমার মা তাসলিমা বেগম চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি জিডি করেন।
রোববার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দুই ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, স্থানীয় কয়েকজনের আশঙ্কা, দুই ছাত্রী কোনো মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়তে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ দুই শিক্ষার্থীর মায়েরা জানান, সন্তানদের সন্ধান না পাওয়ায় তারা আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত তাদের সন্ধান করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিচ্ছে এবং প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে।



