‘মানুষের গল্প বলতে চাই’, নিজের অভিনয় ভাবনা জানালেন স্পর্শিয়া

কাল্পনিক চরিত্রের পাশাপাশি বাস্তব জীবনের চরিত্রেও নিয়মিত অভিনয় করতে চান অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বয়সের সঙ্গে নানা ধরনের চরিত্রে নিজেকে আবিষ্কার করে অভিনয়জগতে দীর্ঘ পথ পাড়ি দিতে চান তিনি।
অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘আমি মানুষের গল্প বলতে চাই। কাল্পনিকের পাশাপাশি চাই বাস্তব চরিত্রে সমানভাবে কাজ করে যেতে। যাতে করে বয়সের সঙ্গে মিলিয়ে নানা চরিত্রের মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করতে পারি।’
নানা ধরনের গল্প ও চরিত্র পর্দায় তুলে ধরার মধ্য দিয়ে অভিনয়জগতে দীর্ঘ সফর করতে চান বলে জানান এই অভিনেত্রী।
সম্প্রতি ‘লালপরী’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নতুনভাবে দর্শকদের সামনে হাজির হয়েছেন স্পর্শিয়া। নির্মাতা জোবায়ের আবীর পিয়ালের এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটিতে দর্শক তাকে ভিন্ন এক রূপে আবিষ্কার করেছেন। স্পর্শিয়া বলেন, বর্তমান সময়ে সমাজের বিভিন্ন চরিত্র নানা ঘটনার মধ্য দিয়ে গল্পে রূপ নেয়। সেই গল্প ও চরিত্রের প্রতি তার আলাদা ধরনের দুর্বলতা রয়েছে।
অভিনয়ের মাধ্যমে এসব চরিত্রকে দর্শকদের কাছে বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তোলাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেন তিনি। সেই চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত বলেও জানান স্পর্শিয়া।

অভিনয় নিয়ে অর্চিতা স্পর্শিয়ার ভাবনা সমসাময়িক অনেক অভিনয়শিল্পীর পথচলার চেয়ে কিছুটা আলাদা। জনপ্রিয়তার প্রতিযোগিতায় না গিয়ে নিজের পছন্দের গল্প ও চরিত্রে কাজ করতেই বেশি আগ্রহী তিনি। ভিন্নধর্মী গল্প ও চরিত্রের মধ্য দিয়ে নিজেকে পরিণত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার দিকেই তার নজর।
টেলিভিশনের বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন অর্চিতা স্পর্শিয়া। শুরুতেই নির্মাতাদের নজর কাড়েন তিনি। পর্দায় স্বতন্ত্র উপস্থিতি ও সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছেও পরিচিতি পান এই অভিনেত্রী।
পরবর্তী সময়ে নাটক ও টেলিফিল্মের পাশাপাশি ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করেছেন স্পর্শিয়া। বিভিন্ন ধরনের চরিত্রে কাজের মধ্য দিয়ে নিজের অভিনয়ের পরিসর বাড়িয়েছেন তিনি।
নিজের অভিনয়জীবনের শুরুর সময়ের কথা স্মরণ করে স্পর্শিয়া বলেন, বিজ্ঞাপনের সূত্র ধরেই অভিনয়জগতে পা রেখেছিলেন। তখনো জানা ছিল না অভিনয়ের এই সফর কতটা দীর্ঘ হবে। তবে শুরুর দিকের কাজগুলোই তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।



