আইন-আদালত

রামিসা হত্যা: ন্যায়বিচার নিশ্চিতে পাশে থাকার আশ্বাস অ্যাটর্নি জেনারেলের

ছবি- সংগৃহীত

ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার মিরপুরের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লা অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে রামিসার বাবা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল রামিসার বাবাকে আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার তাদের পরিবারের পাশে রয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি জানান।

মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে। নিম্ন আদালতে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পর উচ্চ আদালতে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে রামিসার পরিবার নজর রাখছে।

যেভাবে হত্যা করা হয় রামিসাকে

গত ১৯ মে ২০২৬ ঢাকার পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ ভবনের পাশের একটি ফ্ল্যাটে ধর্ষণের শিকার হয়ে নৃশংসভাবে নিহত হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার।

এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ঘটনার দিনই প্রতিবেশী সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

প্রধান আসামিসহ দুজনের মৃত্যুদণ্ড

মামলার বিচার দ্রুত বিচার প্রক্রিয়ায় সম্পন্ন হয়। পরে ৭ জুন ২০২৬ ঢাকার একটি আদালত মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন।

নিম্ন আদালতের রায়ের পর মামলাটি ডেথ রেফারেন্স ও আপিলের জন্য হাইকোর্ট বিভাগে রয়েছে। এখন উচ্চ আদালতে মামলার পরবর্তী শুনানি ও আইনি প্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছে রামিসার পরিবার।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

ক্যাটাগরি