শ্রীলঙ্কার নাইন আর্চ ব্রিজে প্রভা, একাকী ভ্রমণের ছবি ভাইরাল

সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্রীলঙ্কা ভ্রমণের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন প্রভা। ছবিতে কালো পোশাক ও কালো সানগ্লাসে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় তাঁকে। তবে অভিনেত্রীর পাশাপাশি ছবির পেছনের মনোরম প্রাকৃতিক দৃশ্যও নজর কেড়েছে ভক্তদের।
প্রভার প্রকাশিত ছবি থেকে জানা গেছে, সেগুলো তোলা হয়েছে শ্রীলঙ্কার বিখ্যাত পর্যটনকেন্দ্র ‘নাইন আর্চ ব্রিজে’। দেশটির পাহাড়ি শহর এলা ও ডেমোদরা রেলস্টেশনের মাঝখানে অবস্থিত এই সেতু পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত ঐতিহ্যবাহী এই সেতু নয়টি খিলান, অনন্য স্থাপত্যশৈলী এবং চারপাশের সবুজ পাহাড়ের জন্য পরিচিত। সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলের দৃশ্য দেখতে প্রতিবছর অসংখ্য পর্যটক সেখানে ভিড় করেন।
সেখানেই কখনো সেতুর ওপর বসে, কখনো দাঁড়িয়ে আবার কখনো পেছনে পুরো সেতুটিকে রেখে ক্যামেরাবন্দী হয়েছেন প্রভা। ছবিগুলোতে তাঁর ভ্রমণের আনন্দ ও প্রকৃতির প্রতি ভালোবাসার প্রকাশ পেয়েছে।
জানা গেছে, অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কা ভ্রমণে যান এই অভিনেত্রী। গত ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্রসৈকত থেকে ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন তিনি। সেখানে জানিয়েছিলেন, একাই ঘুরতে বেরিয়েছেন।
এবার নাইন আর্চ ব্রিজে তোলা নতুন ছবিগুলো প্রকাশ করে ভ্রমণের আরও কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন প্রভা।
অভিনয়ে অনিয়মিত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিজের ভ্রমণ, ব্যক্তিগত উপলব্ধি ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত নিয়মিত তুলে ধরেন সেখানে। শ্রীলঙ্কার মনোরম পরিবেশে তাঁর নতুন ছবিগুলো প্রকাশের পর আবারও আলোচনায় এসেছে তাঁর ভ্রমণপ্রেম।



