স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২০ শিশু।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৩৯ জনের। এ সময়ে নতুন করে ১ হাজার ১৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছে, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৪৪ শিশুর। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যু ১০০টি। অর্থাৎ ৯৪৪টি মৃত্যু হামের উপসর্গযুক্ত মৃত্যুর হিসাব; এর সঙ্গে নিশ্চিত হামজনিত ১০০টি মৃত্যু আলাদাভাবে যোগ করে ১ হাজার ৪৪ বলা যাবে না।

একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ২৮২ জনের।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন।

ক্যাটাগরি