স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, এ বছর প্রাণহানি ৪০০

ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।

বুলেটিনে বলা হয়, সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২ হাজার ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে প্রাণ হারিয়েছেন ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসেই ডেঙ্গুতে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগী মারা গেছেন।

এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর দেশে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল। তবে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হওয়ায় সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

ফিনান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি