জাতীয়

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে।

বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনবহির্ভূত এলাকায়। এ ছাড়া বরিশাল বিভাগে ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে খুলনা বিভাগে ১৫৫ জন, রাজশাহী বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে ৩৬৪ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে, ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ মোট ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে চারজন মারা গেছেন।

ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি কমাতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং দিনের বেলায়ও মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ক্যাটাগরি