স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২১৮

ফাইল ছবি
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। এডিস মশাবাহিত এ রোগে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে।

সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ৩৮৪ জন রোগী ভর্তি রয়েছেন। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের প্রথম দিকে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম থাকলেও জুনের পর পরিস্থিতির অবনতি হতে শুরু করে।

জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর জুলাইয়ে ৩৬ জন ও আগস্টে ৪৩ জন প্রাণ হারান।

সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে। চলতি অক্টোবরের ২৬ তারিখ পর্যন্ত এ রোগে মারা গেছেন আরও ১৪৪ জন।

রোগীর মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি অক্টোবরের এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৫৪৬ জন। আগের মাস সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৭৪ জন। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরেই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে।

এর আগে জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪ এবং জুনে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এ ছাড়া জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বর্ষা মৌসুমের পরও ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে সেপ্টেম্বর ও অক্টোবরে রোগীর সংখ্যা ও মৃত্যুর উচ্চ হার পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরছে।

ক্যাটাগরি