অর্থনীতি

২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার কর মওকুফ, স্বস্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন। ছবি : সংগৃহীত

দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য টার্নওভার করের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার বা বিক্রয় করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে কোনো টার্নওভার কর দিতে হবে না।

সোমবার (৩১ আগস্ট) এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। চলতি অর্থবছরের বাজেটে ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভারের ওপর ১ শতাংশ হারে কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ীদের আপত্তির পরিপ্রেক্ষিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন করে করহার নির্ধারণ করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানি টার্নওভার কর থেকে সম্পূর্ণ অব্যাহতি পাবে।

তবে ২ কোটি টাকার বেশি থেকে ৪ কোটি টাকা পর্যন্ত টার্নওভার হলে ০.৫ শতাংশ হারে টার্নওভার কর দিতে হবে। অর্থাৎ, এই সীমার ব্যবসায়ীদের জন্য ২ কোটি টাকার অতিরিক্ত টার্নওভারের ওপর ০.৫ শতাংশ হারে কর প্রযোজ্য হবে।

অন্যদিকে, বার্ষিক টার্নওভার ৪ কোটি টাকার বেশি হলে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে আগের মতো ১ শতাংশ হারে টার্নওভার কর দিতে হবে।

কেন পরিবর্তন করা হলো

টার্নওভার কর এমন একটি করব্যবস্থা, যেখানে কোনো ব্যবসার মোট বিক্রয় বা সেবা থেকে অর্জিত টার্নওভারের ওপর নির্দিষ্ট হারে কর দিতে হয়। ব্যবসাটি লাভে থাকুক বা লোকসানে—এই কর পরিশোধ করতে হয়।

ব্যবসায়ী সংগঠনগুলোর অভিযোগ ছিল, লাভ-লোকসান বিবেচনা না করে ১ শতাংশ হারে কর আরোপের ফলে কম মুনাফার ব্যবসার ওপর করের চাপ বেড়ে যাচ্ছিল। এমনকি লোকসানি প্রতিষ্ঠানকেও কর দিতে হওয়ায় অনেক ব্যবসা আর্থিক সংকটে পড়ছিল।

এ কারণে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন সংগঠন টার্নওভার করের হার কমানো বা ছোট ব্যবসায়ীদের এ কর থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে আসছিল। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও (ডিসিসিআই) এ বিষয়ে এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল।

যেসব ক্ষেত্রে বেশি কর

তবে সব ধরনের ব্যবসার জন্য একই হার প্রযোজ্য নয়। আয়কর আইনের ১৬৩ ধারা অনুযায়ী, সিগারেট, বিড়ি ও তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩ শতাংশ, কার্বোনেটেড বেভারেজ ও মিষ্টি প্রস্তুতকারকদের ক্ষেত্রে ২.৫ শতাংশ এবং মোবাইল ফোন অপারেটরদের ক্ষেত্রে ১.৫ শতাংশ টার্নওভার কর নির্ধারিত রয়েছে।

এ ছাড়া নতুন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রথম তিন বছর ১ শতাংশের পরিবর্তে ০.২ শতাংশ হারে টার্নওভার কর দেওয়ার যে সুবিধা আগে থেকেই রয়েছে, সেটিও বহাল থাকবে।

এনবিআরের নতুন সিদ্ধান্তে সবচেয়ে বেশি সুবিধা পাবেন অপেক্ষাকৃত ছোট ব্যবসায়ীরা। বিশেষ করে যেসব ব্যবসার বার্ষিক টার্নওভার ২ কোটি টাকার মধ্যে, তারা এখন এ করের সম্পূর্ণ চাপ থেকে মুক্ত থাকবেন।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি