শিক্ষা

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সংগৃহীত ছবি

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে। সোমবার প্রকাশিত পরীক্ষার চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। এরপর ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে পাঠাতে হবে।

সূচি অনুযায়ী, ১৪ মার্চ বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হবে এসএসসি পরীক্ষা। ১৬ মার্চ বাংলা দ্বিতীয় পত্র, ১৮ মার্চ ইংরেজি প্রথম পত্র এবং ২১ মার্চ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবশ্যিক গণিতের পরীক্ষা হবে ২৫ মার্চ।

এরপর ৪ এপ্রিল রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ; ৮ এপ্রিল হিসাববিজ্ঞান এবং ১৩ এপ্রিল জীববিজ্ঞান ও অর্থনীতির পরীক্ষা হবে। ১৫ এপ্রিল ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষার মধ্য দিয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে।

ব্যবহারিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে নির্ধারিত আসনে বসতে হবে। এমসিকিউ ও সৃজনশীল বা রচনামূলক পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক—প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষার অন্তত সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

পরীক্ষাকেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীরা বোর্ড অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এখানে ক্লিক করুন: এসএসসি পরীক্ষার রুটিন ssc

ফিনান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি