জাতীয়

৪ নভেম্বর পর্যন্ত রিয়াদ-দাম্মাম রুটে যাবে না বিমানের ফ্লাইট

সংগৃহীত ছবি
যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।

রোববার (২৫ অক্টোবর) বিমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। এর আগে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দাম্মামগামী এবং ৩১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ সূচি অব্যাহত থাকবে।

অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাওয়া কিংবা বাংলাদেশে ফিরতে যাত্রীদের জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংস্থাটি আরও জানিয়েছে, ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয় কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

সৌদি আরবগামী যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও সময়সূচি নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ক্যাটাগরি